
নিউজ ডেস্কঃ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচন বন্ধ করতে বিএনপি জামায়াত দেশে অনেক নৈরাজ্য করেছে। তারপরও সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেদিন নির্বাচন না হলে এই বাংলাদেশ এতো দিনে তালেবানি রাষ্ট্রে পরিণত হতো। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে আজ বৃহস্পতিবার সকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সময় হুন্ডা-গুণ্ডা-মিডিয়া ক্যু আর ভুয়া ভোটারের মাধ্যমে নির্বাচন হতো। ভোটাররা তাদের ভোট দিতে পারতো না। আর এখন ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছেন। তিনি বলেন, আগে বাংলাদেশের মানুষ ঠিক মতো খেতে-পড়তে পারতো না, ভোট দিতে পারতো না; এক কথায় তাদের কোন অধিকারই ছিল না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন-সংগ্রাম করে মানুষের অধিকার ফিরিয়ে এনেছেন। আগে মঙ্গা হতো, মানুষ না খেয়ে মরতো, বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো। আর এখন বাংলাদেশ থেকে খাদ্য রফতানি হয়। এ সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন।
উপজেলা যুবলীগ আয়োজিত পথ সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি। কালিহাতী উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকারের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।