News71.com
 Bangladesh
 23 Feb 17, 07:14 PM
 249           
 0
 23 Feb 17, 07:14 PM

বিদ্যার সাগর পার হয়ে অনেকেই আর নৌকার খোঁজ রাখে না।। রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিদ্যার সাগর পার হয়ে অনেকেই আর নৌকার খোঁজ রাখে না।। রাষ্ট্রপতি আবদুল হামিদ

 

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, এ দেশের শিক্ষিত ও বিভিন্ন পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের বেশির ভাগই কৃষকের সন্তান। কৃষি আয় থেকেই তাঁদের বিদ্যার খরচ জোগানো হয়েছে। কিন্তু বিদ্যার সাগর পার হওয়ার পর অনেকেই নৌকার খোঁজ রাখে না। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা কৃষিকে ভুলবেন না। উৎসকে ভুলবেন না। বরং কৃষির উন্নয়নে টেকসই কৌশল ও প্রযুক্তি উদ্ভাবনে নিজেদের নিয়োজিত রাখবেন। কৃষকেরা যাতে উৎপাদনে উৎসাহিত হন, উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে হবে। ভোক্তা পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। আলু, টমেটো, আম, আনারস, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফসল-ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে বেশির ভাগ সময়ই কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এবং উৎপাদনে উৎসাহ হারান। তাই এসব ব্যাপারে ভাবতে হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। আবহমান বাংলার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য মিশে আছে কৃষির সঙ্গে। বাঙালি জাতির শিকড় নিহিত কৃষির মধ্যে। খাদ্যচাহিদা ও আমিষের চাহিদা পূরণ, শিল্পোৎপাদন, কর্মসংস্থানসহ রপ্তানি বাণিজ্যে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্য। স্নাতকধারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমাদের আজকের এ অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে তোমাদের পিতা-মাতা, শিক্ষকসহ সমাজ, দেশ ও জনগণের বিপুল অবদান। তোমরা তাঁদের কাছে ঋণী। তোমরা সমাজ এবং জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তোমাদের মেধা, প্রজ্ঞা ও কর্ম দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। সব সময় নৈতিক মূল্যবোধ, বিবেক ও দেশপ্রেম জাগ্রত রাখবে। কর্ম উপলক্ষে তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, এ দেশ ও জনগণের কথা ভুলবে না।’

সমাবর্তনে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মাহবুবুর রহমান। সমাবর্তনে রাষ্ট্রপতি স্নাতকদের মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ ও মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন