
নিউজ ডেস্কঃ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিশেষ ট্রাইব্যুনালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিচার হওয়া উচিৎ বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়।’ আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান । হাছান মাহমুদ বলেন, বিএনপি যে সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের এতদিনের এ অভিযোগ কানাডার ফেডারেল কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে। বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। কানাডার ফেডারেল কোর্টের রায়ের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে। এর ফলে আওয়ামী লীগের বক্তব্য সত্য হলো।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ ওই রায়ের কপি দেখিয়ে বলেন, হরতাল-অবরোধ-সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার কারণে দলটির এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন কানাডার আদালতে খারিজ হয়ে যায়। কানাডা আদালতের এই রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলেও মন্তব্য করে তিনি। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।