
নিউজ ডেস্কঃ খুলনা জেলার কয়রায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি এবং এই কমিটি কর্তৃক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে করা মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিলের দাবি জানিয়েছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মুক্তিযোদ্ধারা। সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা প্রণয় কুমার মন্ডল বলেন, গত ১৮ ও ১৯শে ফেব্রুয়ারি ২০১৭ কয়রা উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন হয় ।
এ জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) একটি বাছাই কমিটি গঠন করে দেয়। জামুকার নীতিমালা অনুযায়ী, যাচাই-বাছাই কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট উপজেলার তালিকাভুক্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কিন্তু কয়রা উপজেলার জন্য গঠিত কমিটির সভাপতি করা হয় রূপসা উপজেলার তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা এম এম মুজিবর রহমানকে। এই কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম কোথায় যুদ্ধ করেছেন তা বলতে পারেন না কেউ। এসব অনিয়মের বিরুদ্ধে কয়রা উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সানা উচ্চ আদালতে রিট আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত যাচাই-বাছাই কমিটির কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন ।
সম্মেলনে আরও বলা হয়, জামুকার নীতিমালা অনুযায়ী লালবার্তা অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাদের যাচাই-বাছাইয়ের আওতায় আনা যাবে না। কিন্তু সেই নীতিমালার তোয়াক্কা না করে যাচাই-বাছাই কমিটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অভিযোগ ছাড়াই তাদের বাছাই করেছে। এমনকি লালবার্তা অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাদের আসামির মতো দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে অসম্মান করে তাদের বৃহৎ একটা অংশকে বাদ দিয়েই তালিকা সম্পন্ন করেছে ।
কয়রা উপজেলার বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট কেরামত আলী ছিলেন জাসদ গণবাহিনীর নেতা। যাচাই-বাছাই কালে তিনি বিতর্কিত বাছাই কমিটিকে প্রভাবিত করে গণবাহিনীর সদস্য মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন। এসব অভিযোগ তুলে যাচাই-বাছাই কমিটি বাতিলের দাবি জানান তারা। সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা জিএম মতিউর রহমান, জিএম মওলা বক্স, বঠকৃষঞ ঢালী, এসএম মহিউদ্দিন, রনজিত কুমার রায় ও মোস্তফা কামাল প্রমুখ ।