
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার বাঘাছড়ায় সুন্দর মিয়া (২৫) নামের এক বন কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। সুন্দর মিয়া বাঘাছড়া এলাকার বোদাই মিয়ার ছেলে। সে সামাজিক বনায়নের সদস্য ও ফরেস্ট ভিলেজার ছিলো। রাজকান্দি বনরেঞ্জ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল গাছ চোর চক্র গতকাল বুধবার সন্ধ্যার পর সশস্ত্র অবস্থায় বাঘাছড়া সামাজিক বনায়নের গাছ কাটতে প্রবেশ করে। গাছ কাটার শব্দ শুনে সুন্দর মিয়া ঘর থেকে বের হয়ে অনুসন্ধান করেন। এ সময়ে সংঘবদ্ধ গাছ চোরচক্র সুন্দর মিয়াকে একা পেয়ে কুড়াল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে গাছ নিয়ে পালিয়ে যায়। সুন্দর মিয়া ফিরছে না দেখে রাতেই তার বাড়ির লোকজন বের হয়ে বনের ভিতর তার লাশ দেখতে পেয়ে বন বিভাগের কর্মকর্তাকে অবহিত করেন।
রাজকান্দি বনরেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ নির্মমভাবে ফরেস্ট ভিলেজার নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এটি গাছ চোর চক্রের কাজ। বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।' এ ব্যাপারে বন বিভাগ একটি মামলা করবে বলেও ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা জানান।