
নিউজ ডেস্কঃ সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার পর এক ভুক্তভোগীর করা মামলায় গত মঙ্গলবার রাজিব আহমেদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মো. সাজ্জাদুর রহমানের কাছে প্রতারণার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার এসআই বিলাল আল আজাদ আমাদের বলেন, রাজিব আহমেদ রানার বাবার নাম মৃত সুলতান আহমেদ। গ্রামের বাড়ি খুলনার নিরালা আবাসিক এলাকায়। তিনি রাজধানীর দয়াগঞ্জ এলাকার স্বামীবাগ লেনের একটি বাসায় থাকতেন। ফেসবুকে ভুয়া আইডি খুলে তাতে অসুস্থ মানুষের জন্য সাহায্য চেয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এ ছাড়া গণমাধ্যমের ভুয়া আইডি কার্ড ব্যবহার করে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
পুলিশ জানায়, রাজিব আহমেদ রানা কখনো নিজেকে পরিচয় দিতেন এটিএন নিউজের সাংবাদিক আবার কখনো জাতীয় দৈনিক পত্রিকার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে বেশকটি ভুয়া আইডি রয়েছে। সেসব আইডি থেকে অসুস্থ মানুষের জন্য সাহায্যের আবেদন জানিয়ে স্ট্যাটাস দিয়ে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। সম্প্রতি রেডিও ধ্বনি ৯১.২ এফ এমের এক নারী সাংবাদিকের বোনের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ১২ লাখ টাকা সাহায্য চেয়ে ফেঁসে যান প্রশিক্ষিত এ প্রতারক। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকার স্বামীবাগ লেনের ৭৫ নম্বর বাসা থেকে রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সাইবার ক্রাইম ও প্রতারণার অভিযোগ এনে পৃথক দুটি মামলা করেন রেডিও ধ্বনি ৯১.২ এফ এমের আরজে জান্নাতুল ফেরদৌস আরা সামুদ্রী এবং এটিএন নিউজের অ্যাডমিন এক্সিকিউটিভ গৌরাঙ্গ প্রসাদ সর্মা। এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস সামুদ্রী জানান, তার নামে আইডি খুলে ছোট বোনের অসুস্থতার কথা লিখে ১২ লাখ টাকা সাহায্য চাওয়া হয়। অথচ তার কোনো ছোট বোন নেই।
এটিএন নিউজের অ্যাডমিন এক্সিকিউটিভ গৌরাঙ্গ প্রসাদ সর্মা জানান, গ্রেপ্তারকৃত রানা দীর্ঘদিন ধরে এটিএন নিউজের আইডি কার্ড ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। রানাকে গ্রেপ্তারের খবর পেয়ে তিনি বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেছেন।