
নিউজ ডেস্কঃ ৫ ক্যাটাগরিতে মোট ৫৬ ব্যবসায়ীকে সিআইপি কার্ড দিল শিল্প মন্ত্রণালয়। দেশের জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা, ২০১৪’ অনুযায়ী ২০১৫ সালের জন্য ৫ ক্যাটাগরিতে মোট ৫৬ ব্যবসায়ীকে বেঁছে নেওয়া হয়। আজ বুধবার হোটেল পূর্বাণীতে ২০১৫ সালের নির্বাচিত উদ্যোক্তাদের হাতে কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু । শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত উদ্যোক্তারা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইসলাম রি-রোলিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে সিআইপি কার্ড (সিআইপি-শিল্প) পেয়েছেন। অনুষ্ঠানে সিআইপিদের হাতে শিল্প মন্ত্রণালয় থেকে এক বছরের জন্য একটি পরিচয়পত্র দেয়া হয় ।
এ পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন তারা। এছাড়াও সিআইপিরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। ভিসা প্রাপ্তির সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রুডাকশন’ দেবে ।