
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জিব্রাল্টারের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে দুর্ঘটনায় এক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়। দুর্ঘটনায় নিহত ইউক্রেনের নাবিকের নাম কায়রাস ভাসিল (৬০)। তিনি ‘এমভি ক্যামিলা’ নামের কনটেইনারে জাহাজের ইঞ্জিন কক্ষে কর্মরত ছিলেন। জাহাজটি সিঙ্গাপুর-চট্টগ্রাম রুটে কনটেইনার আনা-নেওয়া করে।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের কর্মকর্তারা জানান, ইঞ্জিন কক্ষে কাজ করার সময় বাষ্পীয় তাপে পুড়ে যান কায়রাস ভাসিল। দুর্ঘটনার পরপর কোস্টগার্ডের একটি শক্তিশালী নৌযানের মাধ্যমে বহির্নোঙরে অবস্থানরত জাহাজটি থেকে ওই নাবিককে কর্ণফুলীর তীরে আনা হয়। সেখান থেকে জাহাজ মালিকের প্রতিনিধিরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার পরই বিকেল সাড়ে চারটার দিকে ওই নাবিকের মৃত্যু হয়। গরম পানিতে তাঁর শরীর ঝলসে গেছে।