News71.com
 Bangladesh
 22 Feb 17, 09:19 PM
 241           
 0
 22 Feb 17, 09:19 PM

লিটন হত্যা মামলায় গ্রেফতার কাদের খানের বাড়ি থেকে গুলি-ল্যাপটপ  জব্দ।।

লিটন হত্যা মামলায় গ্রেফতার কাদের খানের বাড়ি থেকে গুলি-ল্যাপটপ  জব্দ।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার জাতীয় পার্টির নেতা ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানের বগুড়ার ক্লিনিক-কাম বাড়ি থেকে শর্টগানের গুলি, ল্যাপটপ, সিসি ক্যামেরার ডিভিআর ও মোবাইল ফোনসহ বেশ কিছু কাগজপত্র জব্দ করেছে পুলিশ। তার ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। কাদের খানকে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রেফতারের পর পরই গাইবান্ধা ‘সি’ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনূর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তার ক্লিনিক ও বাড়িতে তল্লাশি শুরু করে; যা চলে আজ বুধবার ভোর ৪টা পর্যন্ত।কাদের খানের ‘গরীব শাহ ক্লিনিক’-এর কর্মচারী আবদুল ওয়াহেদ আজ বুধবার বিকেলে  এতথ্য জানান।

তিনি বলেন, ‘পুলিশ আমার সামনেই জব্দ করা জিনিসপত্রের একটা তালিকা তৈরি করে ম্যাডামের (ডা. আবদুল কাদেরের স্ত্রী) হাতে তুলে দেন।’ তল্লাশি অভিযানে নেতৃত্বদানকারী গাইবান্ধার সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজিনুর রহমানও বিষয়টি  নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তদন্তের স্বার্থেই আমরা কিছু জিনিস জব্দ করেছি।’ গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকায় ‘গরীব শাহ ক্লিনিক’ নামে ক্লিনিক-কাম বাসভবন থেকে কাদের খানকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের আগে টানা পাঁচ দিন তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল।

পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক দাবি করেছেন, ডা. আব্দুল কাদের সাংসদ লিটন হত্যার মূল পরিকল্পনাকারী। তাকে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। বগুড়ায় গরীব শাহ ক্লিনিকের সামনে আজ বুধবার বিকেলেও পোশাকধারী পুলিশ দেখা গেছে। ক্লিনিকের কর্মচারীরা জানান, কাদের খানের স্ত্রী ডা. এ জে ইউ নাসিমা বেগম আজ বুধবার সকালে গাইবান্ধা গেছেন।

পুলিশ জানায়, ডা. কাদের খানের বাড়ি থেকে লাইসেন্স করা শর্টগানের ১২ রাউন্ড গুলি, দুটি ল্যাপটপ, একটি ডিভিআর, চারটি মোবাইল ফোন, কিছু কাগজপত্র এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গাইবান্ধা ‘সি’ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমান  বলেন, ‘ডা. কাদের খানের লাইসেন্স করা পিস্তল ও শর্টগান ছিল; যা তিনি আগেই জমা দিয়েছিলেন। কিন্তু গুলির বিষয়ে তিনি যে হিসাব দিয়েছেন তা মিলছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যদি কোন গরমিল পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন