
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সংঘর্ষে অটোরিকশার ২ চালক নিহত হয়েছেন। এদের ১ জন অটোরিকশা চালাচ্ছিলেন। পাশে থাকা অন্যজনও পেশায় চালক। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২ চালকের নাম মো. ইলিয়াছ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)। তাঁদের বাড়ি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দীন বলেন, নিহত দুই ব্যক্তি পার্শ্ব সড়ক থেকে গাড়ি ঘোরানোর জন্য মহাসড়কে বেপরোয়া গতি উঠে ঘোরানোর চেষ্টা করে। এ সময় দেশ ট্রাভেলসের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ চালকই নিহত হন। ফরিদ উদ্দীন বলেন, হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। লাশ ২ টি ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করে নিজামপুর তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।