
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির অধ্যায়। অপরদিকে শুধু হত্যা লুটপাট ছিল বিএনপির রাজনীতি। তাদের আমলে চোখে পড়ার মতো কোন উন্নয়ন হয়নি। আজ বুধবার বিকেলে কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট আমেনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ইউনিয়ন আওযামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে মোহাম্মদ নাসিম কাজীপুর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নির্বাচনকালীন সরকার বিষয়ে বিএনপি’র সম্প্রতি বক্তব্যের কঠোর সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো সংসদীয় গণতন্ত্রের এইদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই। তিনি আমেরিকার উদাহরণ টেনে বলেছেন, প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় থেকে তাঁর দলের প্রার্থী হিলারীর জন্যও ভোট চেয়েছেন। কিন্তু হিলারী নির্বাচিত হতে পারেননি। ট্রাম্প নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। রেফারির ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে। মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালে একজন নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গিবাদকে উস্কানি দিয়ে ভোটকে বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।