
নিউজ ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নল-লড়ীবাগ রাস্তার পাশে সিন্দুরিয়া রেল ব্রিজের নিকট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জুয়েলারি ব্যবসায়ীর নাম আবুল কালাম আজাদ (৩৮)। আজাদ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের জমির আলীর ছেলে
গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে আজাদ ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন নিহত আজাদের দুই সহযোগী মিজান ও জামাল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আবুল কালাম আজাদসহ তার অপর দুই সহযোগী মিজান ও জামাল মোটরসাইকেল নিয়ে ওই ব্রিজের নিকট পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। "তিনি আরও বলেন, "এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ব্যবসায়ী আজাদ নিহত হন। লুটে নেয়া হয় তাদের মোটরসাইকেল, টাকা-পয়সা ও মোবাইল ফোন। স্থানীয়রা আহত মিজানকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও জামালকে কুমেক হাসপাতালে ভর্তি করেছে। আজাদের মরদেহ বুড়িচং থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। "