
নিউজ ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি আবদুল জলিলকে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ থানার পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার পুলিশ সদর উপজেলার মাহমুদপুর গ্রাম এক অভিযান চালিয়ে শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামি আবদুল জলিলকে গ্রেপ্তার করে। তিনি মাহমুদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে বর্তমানে আটজন জামিনে রয়েছেন। কারাগারে রয়েছেন ১৪ জন। পলাতক ১০ আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া আবদুল জলিল একজন। পুলিশ জানায়, আজই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারান শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী। আহত হন ৭০ জন। এ ঘটনায় হবিগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। দুটি মামলায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও সাক্ষ্য গ্রহণ চলছে।