
নিউজ ডেস্কঃ রংপুরের তারাগঞ্জে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মা ও শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের কেল্লাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ উপজেলার ময়নাকুটি গ্রামের হাসান মাহমুদের স্ত্রী সাহেদা বেগম (৩০) তাঁর শিশু সন্তান সাব্বির হোসেনকে (৩) নিয়ে দুপুর ১২টার দিকে তারাগঞ্জে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখিয়ে সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে কেল্লাবাড়ী বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ট্রলি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রলিটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রলির চালক ঘটনার পর পালিয়ে গেছেন।