
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারকে একটি নিরাপত্তামূলক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে বলেছেন, কারাগার সংশোধনাগার হিসেবে ‘বন্দীর হাতকে কর্মীর হাতে’ রূপান্তর করে থাকে। বন্দীদের সাজা কার্যকর করার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের চারিত্রিক সংশোধন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাংলাদেশ কারা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি বলেন। প্রধানমন্ত্রী ‘কারা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে এ কথা বলেন।
তিনি আশা করেন, কারা বিভাগ কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করবে। কারাবন্দীদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করাসহ তাদের প্রতি মানবিক আচরণ সমুন্নত রাখতে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠন করার পর দেশের কারাগারগুলোর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। আমরা কারাগারকে বন্দী সংশোধনাগার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গত ৮ বছরে আমরা নতুন ১৩টি কারাগার নির্মাণ করেছি। নতুন আরো ৮টি কারাগার নির্মাণের কাজ চলছে। ঐতিহ্যবাহী ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরাণীগঞ্জে স্থানান্তর করা হয়েছে।