
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জাতীয় পার্টির নেতা সাবেক এমপি অবসরপ্রাপ্ত লে. কর্নেল ডা. কাদের খানকে গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ। পাশের জেলা বগুড়ার রহমাননগর এলাকায় বাসা কাম গরীব শাহ ক্লিনিক থেকে আজ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গাইবান্ধায় নিয়ে যায় পুলিশ। বগুড়ায় কাদের খানের মালিকানাধীন পত্রিকা দৈনিক উত্তরের খবরের সম্পাদক আবদুস সালাম বাবু জানিয়েছেন, স্যারকে গ্রেফতার করার সময় কারণ জানতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে কোনো কিছুই বলেননি। আমি মনে করি, স্যারকে হয়রানি করার উদ্দেশ্য নিয়ে পুলিশ নিয়ে গেছে ।
এর আগে গত ৪ দিন ওই বাসাতেই নজরদারিতে ছিলেন কাদের খান। রংপুর অঞ্চলের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বলেন, লিটন হত্যা মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা পুলিশের একটি দল বগুড়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। গত ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে এমপি লিটনের ওপর গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় ।
গ্রেফতারের কারন সম্পর্কে ঘটনাস্থলে উপস্থিত রংপুর রেন্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ সাবেক এমপি কাদেরকে আটকের কথা স্বীকার করে নিউজ-৭১ কে জানান হত্যাকন্ডে জড়িত কিলারদের গ্রেফতারের পর তারা স্বীকারাক্তি মুলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে খুনীদের দেয়া বক্তব্যের ভিত্তিতেই সাবেক সাংসদ ও প্রাক্তন সেনা কর্মকর্তা কাদের খানেক আটক করা হয়েছে । বগুড়া জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করে গাইবান্ধা জেলা সদরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে উর্ধতন কতৃপক্ষের সাথে পরামর্শ সাপেক্ষে তাকে নিবিডভাবে জিজ্ঞাসাবাদ করা হবে ।