News71.com
 Bangladesh
 21 Feb 17, 07:47 PM
 195           
 0
 21 Feb 17, 07:47 PM

বাংলাদেশে একুশের চেতনার বিপরীত শাসনধারা চলছে ।। সিপিবি নেতৃবৃন্দ

বাংলাদেশে একুশের চেতনার বিপরীত শাসনধারা চলছে ।। সিপিবি নেতৃবৃন্দ

 

নিউজ ডেস্কঃ সিপিবি নেতৃবৃন্দ বলেছেন, আমাদের মহান ভাষা আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছিলেন সেই শহীদদের স্বপ্নসাধ স্বাধীন বাংলাদেশে আমরা আজো বাস্তবায়ন করতে পারিনি। একুশের চেতনার পথ ধরে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়নি। আমাদের দেশে একুশের চেতনার বিপরীত শাসনধারা চলছে। মহান শহীদ দিবসে আজ মঙ্গলবার সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে এসব কথা বলেন। নেতৃবৃন্দ আরো বলেন, সরকারি উদ্যোগে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারসমূহ খর্ব করা হচ্ছে ।

দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার অধিকার, জাতিস্বত্তার অধিকার প্রতিষ্ঠা হয়নি। সকল শিশুর মাতৃভাষায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়নি। নেতৃবৃন্দ আরো বলেন, ভাষা-সংস্কৃতি-জাতিসত্তার উপর সকল ধরণের আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই অমর একুশের শিক্ষা। জনতার গণতান্ত্রিক অধিকার যারা হরণ করে, যারা সাম্প্রদায়িক শক্তিকে মদত যোগায় মহান একুশের চেতনার বিরুদ্ধে তাদের অবস্থান। অমর একুশের চেতনার বিপরীত শাসনধারা রুখে দিতে সংগ্রামে সামিল হওয়ার জন্য নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান ।

এদিকে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, আজ মঙ্গলবার মহান শহীদ দিবসে সিপিবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। একুশের প্রথম প্রহরে পার্টির নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এসময় পার্টির সভাপতিম-লীর অন্যতম সদস্য সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও জলি তালুকদার উপস্থিত ছিলেন ।

এছাড়া সকালে নীলক্ষেত মোড় থেকে প্রভাতফেরী করে আজিমপুর কবরস্থানে অবস্থিত শহীদ আবুল বরকত, শহীদ শফিউর রহমান ও শহীদ আব্দুল জব্বারের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রভাতফেরীটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। কমিউনিস্ট পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকগণ প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন। এসময় পার্টির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুব আলম, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন