
নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার তদন্ত নতুন মোড় নিয়েছে। এ হত্যাকাণ্ডে স্থানীয় সাবেক এক জাপা নেতার সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা। এরই মধ্যে তার ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। শতভাগ নিশ্চিত হওয়ার পরই বিষয়টি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। দায়িত্বশীল একাধিক সূত্র গতকাল এসব তথ্য জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তদন্তের অগ্রগতি বিষয়ে পুলিশের দায়িত্বশীল পর্যায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকও গতকাল সোমবার বলেছেন, এমপি লিটন হত্যায় মূল আসামি শনাক্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লিটন হত্যায় জাতীয় পার্টি থেকে সদ্য স্বেচ্ছাসেবক লীগে যোগদানকারীর স্থানীয় এক নেতার সম্পৃক্ত থাকার বিষয়ে অনেক তথ্য তদন্তে উঠে এসেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। গত ৮ জানুয়ারি স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদকে পুলিশ গ্রেফতার করে। তিনি আগে জাতীয় পার্টি ও জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান। পুলিশের আরেকটি দায়িত্বশীল সূত্র জানায়, জাতীয় পার্টির স্থানীয় আরেক নেতাকেও নজরদারির মধ্যে রাখা হয়েছে। ওই সূত্রটি আরও জানায়, হত্যাকাণ্ডের দিন ও আগেরদিন লিটনের স্ত্রী এবং তার কর্মচারীরা কার কার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন, সেগুলোও অনুসন্ধান করে দেখা হচ্ছে। এ ছাড়া ঘটনার আগেরদিন এমপি লিটনের সঙ্গে যারা দেখা করতে তার বাসায় গিয়েছিলেন, তাদের সম্পর্কেও পুলিশ খোঁজ-খবর নিয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবীব মাসুদ আগে জাসদের রাজনীতিতে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সম্প্রতি তিনি স্বেচ্ছাসেবক লীগে যোগদান করেন বলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল জানান। সে সময় থেকেই লিটনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর আগে ২০১০ সালে একবার মাসুদ স্বেচ্ছাসেবক লীগে যোগদানের প্রস্তুতি নিয়েছিলেন। লিটনের বিরোধিতার কারণে সে সময় তা আর হয়নি। এ কারণে তিনি লিটনবিরোধী ছিলেন বলে দলীয় সূত্র জানায়। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে গাড়িচালক ফোরকান আলী ও গৃহকর্মী ইউসুফ আলীকে থানায় নিয়ে লিটন হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলার বাদী নিহত লিটনের বোন হাফিজা বেগম কাকলী গতকাল রাতে বলেন, ভাই হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশ তাদের আশ্বস্ত করেছে। দু'একদিনের মধ্যে হত্যারহস্য উন্মোচিত হবে বলেও তাদের জানানো হয়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বর এমপি মনজুরুল ইসলাম লিটনকে সুন্দরগঞ্জের বাসার মধ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় জামায়াত-শিবির নেতাদের প্রথমে সন্দেহের মধ্যে আনে পুলিশ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এ ছাড়া স্বজনদের কয়েকজনকেও সন্দেহের তালিকায় রাখা হয়। তদন্তের এ পর্যায়ে এসে নতুন মোড় নিল।