
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের কোন আইন আমরা প্রণয়ন করিনি। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচার করার জন্য বিদ্যমান আইনকে সংশোধন করা হচ্ছে। সংশোধিত ওই আইনটি বর্তমানে মন্ত্রিসভায় উত্থাপনের অপেক্ষায় আছে। আজ সোমবার অস্ট্রেলিয়ার সিডনির এক অভিজাত হোটেলে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ব্যারিস্টার সিরাজুল হকের সভাপতিত্বে সভায় ‘একুশ থেকে বঙ্গবন্ধুর মূর্তি উম্মোচন; প্রবাসে বাঙালির আরেকটি আইকন’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ড. কাইয়ুম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিএস চুন্নূ, রাজনীতিবিদ রণেশ মৈত্র, ড. মাসুদুল হক, ড. দাউদ হাসান, গাউসুল আলম শাহজাদা, সাংবাদিক আকিদুল ইসলাম, আবুল বাশার খান প্রমুখ।
আইনমন্ত্রী বলেন, বিদ্যমান যুদ্ধাপরাধ আইনে শুধুমাত্র অপরাধীদের বিচারের বিধান রয়েছে। কিন্তু মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ে ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে বিচারের আওতায় আনার অভিমত দেয়। কিন্তু এ সংক্রান্ত কোন আইন না থাকায় সেই বিচারটি করা যাচ্ছে না। এ কারণে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করে সংগঠন হিসেবে জামায়াতকে বিচারের আওতায় আনা হবে।