
নিউজ ডেস্কঃ কয়েকজন নেতার কারণে চট্টগ্রাম সমিতির স্বপ্নচারী যুবকেরা আশাহত হচ্ছেন। নির্বাচনের নামে তাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করে সমিতিকে নিয়ে যাচ্ছেন ধ্বংসের দ্বারপ্রান্তে। নিউইয়র্কের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতির নির্বাচনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাগরিক ঐক্য চট্টগ্রামপ্রবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সদস্য ও চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি কামাল হোসেন মিটু। তিনি বলেন, ‘১৯৮৯ সালের কোনো এক সন্ধ্যায় করোনার একটি বাড়িতে প্রবাসের কয়েকজন চট্টগ্রামবাসী মিলে চট্টগ্রাম সমিতি গঠন করেছিলেন। চট্টগ্রামবাসীর কল্যাণ ও সমৃদ্ধির আশায় সেদিন যাঁরা স্বপ্নবীজ বুনেছিলেন, তাঁরা অনেকেই আজও চট্টগ্রাম সমিতির সঙ্গে জড়িত আছেন। নিশ্চিতভাবে বলতে পারি, সেই স্বপ্নচারী যুবকেরা আজ কোনো না কোনোভাবে আশাহত। দীর্ঘ ২৮ বছরের পথপরিক্রমায় সংগঠনের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতার দায়ভারও কম নয়।’
সাবেক ভিপি কামাল হোসেন মিটু আরও বলেন, আগামী ২ এপ্রিল সমিতির নির্বাচন ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত সেপ্টেম্বর/অক্টোবর মাসে। দীর্ঘসূত্রতা সত্ত্বেও নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চট্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কামাল হোসেন মিটু বলেন, বর্তমান কমিটি দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না। নির্বাচন দিতে ব্যর্থ হয়ে বর্তমান কমিটি শুধু যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা নয়, তাদের এই ব্যর্থতার কারণে চট্টগ্রাম সমিতি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, ২০১২ সালের নির্বাচিত কমিটি অনেক চড়াই-উতরাই পার হয়ে তাদের মেয়াদের শেষার্ধে চট্টগ্রাম সমিতির ভবনের ঋণকৃত সমস্ত টাকা শুধু একটি চেকের মাধ্যমে পরিশোধ করে। সমিতির সাধারণ সদস্যরা সেদিন আশান্বিত হয়েছিলেন এই ভেবে, এবার চট্টগ্রাম সমিতি
আর্থিকভাবে সচ্ছলতা মুখ দেখবে। কিন্তু তা হয়নি। তিনি বলেন, ‘দীর্ঘ ২৮ বছর পেরিয়ে চট্টগ্রাম সমিতি যখন এই প্রবাসে অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হওয়ার কথা, তখন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং মিডিয়ার চট্টগ্রাম সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা প্রবাসী চট্টগ্রামবাসী চাই চট্টগ্রাম সমিতি তার হৃত গৌরব ফিরে পাক।’ সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাবেক উপদেষ্টা মফজল আহমেদ, নাজিম উদ্দিন, হেলাল মাহমুদ, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।