
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্লাস্টিক, হালকা প্রকৌশল ও কেমিকেল শিল্পের জন্য মুন্সিগঞ্জে পৃথক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। এর উদ্দেশ্য হলো একীভূত জায়গায় শিল্প কারখানার প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নিশ্চিত করা। কতকাল রোববার রাজধানীর হোটেল পূর্বাণীতে ২০১৫ সালের জন্য সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত ব্যক্তিদের সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আমির হোসেন আমু বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে সরকার বিভিন্ন খাতের শিল্পের জন্য নির্ধারিত জায়গা প্রদান করছে। ইতোমধ্যে ওযুধ শিল্পের জন্য মুন্সিগঞ্জে জায়গা দেওয়া হয়েছে। এছাড়া প্লাস্টিক, হালকা প্রকৌশল ও কেমিকেল শিল্পের জন্য মুন্সিগঞ্জে পৃথক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। পরিবেশ দূষণ সুরক্ষায় সাভারে চামড়া শিল্প স্থানান্তর করা হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই হাজারীবাগ থেকে সকল কাঁচা চামড়া কারখানা সরিয়ে দেয়া হবে। আগামী মাস থেকে আর কোনো কাঁচা চামড়া সেখানে ঢুকবে না। তিনি উৎপাদিত পণ্যের গুণগত মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, মার্চ মাসের মধ্যে পুরো চামড়া শিল্প সাভারে স্থানান্তরিত করা হবে। চামড়া শিল্প পুরোপুরি পরিবেশবান্ধব হলে এর রফতানি দ্রুত সম্প্রসারণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।