
নিউজ ডেস্কঃ জাল পাসপোর্ট তৈরি করে গৃহবধূ ও তার দুই সন্তানকে মালয়েশিয়া পাচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, এসএম মাহফুজ আলম ওরফে জিতু (৩২) ও তার স্ত্রী মরিয়ম রহমান ওরফে মম (২৮)। গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস’র ১৫ নম্বর সড়কের ৯৯০ নম্বর ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দুজনের ৭ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই দম্পতির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শেরে বাংলা নগর থানার এসআই মো. রুহুল আমিন জানান, অবৈধভাবে স্ত্রী-সন্তানদের বিদেশে পাচারের অভিযোগে গত ৩০ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-০৪ আদালতে মামলা করেন বেসরকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. রকিবুল হক। অভিযোগ তদন্তের জন্য আদালত শেরে বাংলা নগর থানা পুলিশকে নির্দেশ দিলে তদন্ত শুরু করেন তারা। এর প্রেক্ষিতে গতকাল শনিবার রাত ১২টার দিকে মিরপুর ডিওএইচএস’র একটি বাসা থেকে মামলায় অভিযুক্ত জিতু ও মম দম্পত্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর বিষয়ে ওই দুজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। একদিনের রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
মামলার বাদী মো. রকিবুল হক আমাদের বলেন, অবৈধভাবে জাল পাসপোর্ট তৈরি করে তাতে স্বামী ও বাবার নামের স্থলে অন্য পুরুষের নাম ব্যবহার ছাড়াও নানা প্রতারণার মাধ্যমে একটি চক্র তার স্ত্রী সোনিয়া হালিমা হামিদ ও দুই সন্তান রাগিব ইশরাক ইনান (৭) ও আফিয়া ইবনাত ইফরাকে (দেড় বছর) সুদুর মালয়েশিয়ায় পাচার করে দেয়। এই চক্রের হোতা আলী রেজা সোহেল (৩৫) নামে সংঘবদ্ধ মানবপাচার চক্রের এক সদস্য। তিনি জানান, নারী-পুরুষের সমন্বয়ে তার রয়েছে বিশাল বাহিনী। মালয়েশিয়ায় তার সেই বাহিনীর জিম্মিদশায় এখন স্ত্রী-সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। পাচারকারীদের হাত থেকে স্ত্রী-সন্তাদের উদ্ধার করা ছাড়াও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রকিবুল হক।