
নিউজ ডেস্কঃ চলতি মাসেই শেষ হতে পারে পিলখানা হত্যা মামলার বিচার। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই মামলার সকল যুক্তিতর্ক শেষ করার জন্য উভয় পক্ষের আইনজীবীদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আজ রবিবার আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এই নির্দেশ দেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল ইত্তেফাককে জানান, আসামি পক্ষের আইনজীবীদের আইনগত যুক্তি উপস্থাপন শেষ পর্যায়ে। রবি অথবা সোমবার অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য দেবেন। তার বক্তব্যের মধ্য দিয়েই এই মামলার শুনানি শেষ হবে। শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য দিন ধার্য করে দিতে পারেন।
পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য ২০১৫ সালে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ওই বছরের জানুয়ারি মাসে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শুরু হয়। বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। ইতোমধ্যে ৩৫৬ কার্যদিবসব্যাপী ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩৫ হাজার পৃষ্ঠার পেপারবুক পাঠ করা হয়েছে ১২৪ কার্যদিবস। বাকি ২৩২ কার্যদিবস রাষ্ট্র ও আসামি পক্ষ যুক্তি উপস্থাপন করেছেন। আইনজীবীরা জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ জন আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হওয়ার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১৬০ আসামির আপিল শুনানি শেষ হয়েছে। এরপর শেষ হয়েছে বিচারিক আদালতে ৬৯ আসামির খালাসের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলের শুনানি। রাষ্ট্রপক্ষ এই ৬৯ আসামির মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আপিল করে।
এ প্রসঙ্গে আসামি পক্ষের অন্যতম আইনজীবী এম আমিনুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। আদালত আসামিপক্ষের আইনজীবীদের উপস্থাপিত যুক্তিতর্ক লিখিতভাবে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য আওয়ামীলীগ ক্ষমতায় আসার শুরুতে গত ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করা হয়। পরবর্তীকালে মামলা দুটি স্থানান্তর হয় নিউমার্কেট থানায়। হত্যা মামলায় মোট আসামি ছিল ৮৫০ জন। ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আখতারুজ্জামান এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।