News71.com
 Bangladesh
 19 Feb 17, 11:29 PM
 233           
 0
 19 Feb 17, 11:29 PM

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক ও এটিএনের মিশুক নিহত মামলার রায় আগামী বুধবার ।।       

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক ও এটিএনের মিশুক নিহত মামলার রায় আগামী বুধবার ।।        

 

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী বুধবার। রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের দৃশ্যায়নের স্থান দেখে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তাঁদের সহকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই মাইক্রোবাসে থাকা কয়েকজন।

এ ঘটনায় ওই দিন ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসচালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। মামলায় ৩৯ জনকে সাক্ষী করা হয়। এর মধ্যে আদালত ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম ও আসামিপক্ষে আইনজীবী মাধব সাহা মামলাটি পরিচালনা করেন।এপিপি আফছারুল ইসলাম জানান, ১৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আজ রোববার দুই পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করে। যুক্তিতর্ক শোনার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তিনি বর্তমানে জামিনে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন