
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি চলন্ত ফেরিতে ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কপোতী ফেরির এ ঘটনায় নিহত সাদ্দাম (৩০) ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে চলমান ওরসে অংশ নিতে যাচ্ছিলেন সাদ্দাম।
সাদ্দামের সহযাত্রী ও নান্দাইলের ইউপি সদস্য মো. হবিউল্লাহ জানান, নান্দাইল থেকে তারা এমকে সুপার নামের একটি বাসে করে প্রায় অর্ধশত জাকের ভক্ত ফরিদপুরের আটরশিতে ওরসে যাচ্ছিলেন। আজ রোববার সকাল সোয়া ৬টার দিকে তাদের বাসটি পাটুরিয়া ঘাট থেকে ফেরি কপোতীতে ওঠে। তিনি জানান, এ সময় অনেকেই বাস থেকে ফেরির ডেকে নেমে পড়েন। এক পর্যায়ে সাদ্দাম ফেরির পিছন দিকে গিয়ে দাঁড়ালে হঠাৎ একটি ট্রাক (নং ঝিনাইদহ-ট-০১-০০৯৬) তাকে ধাক্কা দিয়ে ফেরির ডালার সাথে চাপ দেয়। হবিউল্লাহ জানান, ফেরিটি দৌলতদিয়া ঘাটে আসার পর সাদ্দামকে গোয়ালন্দ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরিরে উঠার পর নিয়ম অনুযায়ী প্রতিটি যানবাহনকে আটকে রাখার জন্য চাকার নিচে কাঠ বা উপযুক্ত অন্য কিছু দেয়ার কথা। কিন্তু অনেক চালকই এটা করেন না। ফলে মাঝে মধ্যেই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই জাহিদ হোসেন জানান, খবর পেয়ে তারা ফেরিঘাট থেকে ঘাতক ট্রাকের চালক আমিন শেখকে আটক করেন। পরে নিহত যুবকের কাছের লোকজনদের উপস্থিতিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়িতে সমঝোতা হয়। তিনি জানান, সমঝোতা অনুযায়ী সাদ্দামের পরিবারকে ট্রাক মালিকের পক্ষ হতে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ও অ্যাম্বুলেন্সে লাশ তার পরিবারের কাছে পৌছে দেয়া হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় ফেরি কপোতীর মাস্টার মনির হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন।