
নিউজ ডেস্কঃ জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার রায় ২৮শে ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আজ রোববার মামলায় জেএমবির ৬ সদস্যের বিচারে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকার এই দিন নির্ধারন করেন। রংপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবদুল মালেক জানান, আজ এ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে। ২০১৫ সালের ৩ই অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক হোশি কোনিওকে (৬৬) গুলি করে হত্যা করা হয় ।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী হত্যাকাণ্ডের ৯ মাস পর গত বছরের ৩ই জুলাই আদালতে চার্জশিট দেন। তাতে ৮ জনকে আসামি করা হয়। চার্জশিটভুক্ত ৮ জনের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। আর অপর একজন চার্জশিটভুক্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী এখনও পলাতক আছেন। এর আগে গত ১৪ই ফেব্রুয়ারি আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ মণ্ডল সাফাই সাক্ষ্য প্রদান করেন। এর মাধ্যমে মামলায় বাদী পক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামি পক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য প্রদানের মধ্যদিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় । এদিন চার্জশিটভুক্ত গ্রেফতারকৃত আসামি জেএমবির উত্তরাঞ্চলের স্কোয়াড লিডার মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেনকে আদালতে আনা হয়। হোশি কোনিও হত্যার ঘটনার পরপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করলেও সরকার তা নাকচ করে দেয় ।