
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ও সাউথ এশিয়ান স্পিকার ফোরামের বর্তমান চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে মধ্য প্রদেশের বিধানসভার স্পিকার সীতাশরণ শর্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল ভারত সফররত স্পিকারের হোটেলে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বিষয় স্মরণ এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলির বিষয়ে মতবিনিময় করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ।
এ সময় মধ্য প্রদেশের স্পিকার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আগামী ১-৫ই এপ্রিল ২০১৭ তারিখ ঢাকায় অনুষ্ঠিতব্য আইপিইউর ১৩৬ তম এসেম্বলিতে বিশ্বের ১৭১ দেশের ১৩ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এসেম্বলির সার্বিক প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। তিনি ভারত থেকেও একটি প্রতিনিধিদল এসেম্বলিতে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাউথ এশিয়ান স্পিকার্স সামিট অন অ্যাসিভিং ইন দি সাসটেনেবল ডেপলপমেন্ট গোল্স এ অংশগ্রহণের জন্য বর্তমানে ভারতের ইন্দোরে অবস্থান করছেন ।