
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদাকে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘নির্বাচন কমিশন: সহায়ক সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। নতুন সিইসিকে ইঙ্গিত করে জয়নাল আবদিন ফারুক বলেন, 'সার্চ কমিটির মাধ্যমে আরেকটি রকিব মার্কা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
তাকে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখনও সম্ভব নয়।' নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তাতে চার্জ ছিল না বলেই এমন কমিশন গঠন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। বিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে দিন, তার পরে দেখুন রাজপথ কাদের দখল থাকে।' খালেদা জিয়ার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আদালতকে প্রভাবিত করলে খালেদা জিয়াকে শাস্তি ভোগ করতে হবে। আর না করলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন।'
আয়োজক সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ।