News71.com
 Bangladesh
 17 Feb 17, 09:26 PM
 368           
 0
 17 Feb 17, 09:26 PM

সাঁওতালরা নিজস্ব বর্ণমালায় প্রাক-প্রাথমিকের পাঠ্যপুস্তক রচনার দাবিতে মানববন্ধন

সাঁওতালরা নিজস্ব বর্ণমালায় প্রাক-প্রাথমিকের পাঠ্যপুস্তক রচনার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্কঃ নিজস্ব বর্ণমালায় প্রাক-প্রাথমিকের পাঠ্যপুস্তক রচনার দাবি জানিয়েছে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠী। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। আদিবাসী সাঁওতাল ফেলোশিপ ও সমিতি, সাঁওতাল ছাত্র ইউনিয়ন (সাসু), সাঁওতাল রানাজট সমিতি ও সাঁওতাল লেখক ফোরাম যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, ১৭২ বছর ধরে সাঁওতালরা নিজস্ব সাঁওতালি (রোমান) বর্ণমালা ব্যবহার করছে। কিন্তু কিছু বুদ্ধিজীবী ও দালাল সংগঠন সাঁওতালদের প্রচলিত বর্ণমালা বাদ দিয়ে সাঁওতাল শিশুদের জন্য কখনো বাংলা হরফ কখনো অলচিকি হরফে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক রচনার অপচেষ্টা চালিয়েছে। তাদের কারণেই অন্য পাঁচ আদিবাসীদের (গারো, চাকমা, মারমা, ত্রিপুরা ও ওরাঁও) ভাষায়  প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক প্রণীত হলেও সাঁওতাল জনগোষ্ঠীর পাঠ্যপুস্তক এখনো প্রকাশিত হয়নি।

বক্তারা বলেন, তারা বাংলা ভাষা কিংবা বর্ণমালার বিদ্বেষী নন। কিন্তু এ বর্ণমালায় সাঁওতালি ভাষার কিছু কিছু শব্দের উচ্চারণ বিকৃত হয়। যা সাঁওতাল জনগোষ্ঠীর জন্য কষ্টকর। তার বালেন, সাঁওতালি বর্ণমালা ছাড়া অন্য কোনো বর্ণমালা ব্যবহার করে প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক রচনার উদ্যোগ সাঁওতাল জনগণ মানবে না। তারা জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবে।

বক্তারা আরও বলেন, কারও মাতৃভাষার ওপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া বায়ান্নর ভাষা আন্দোলনের মূলনীতির পরিপন্থি। এটা সব ভাষা সৈনিক ও শহীদদের অপমানের সামিল। তাই কোনো ব্যক্তি বা সংগঠনের কথা না শুনে সাঁওতালি বর্ণমালায় পাঠ্যপুস্তক রচনার পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান বক্তারা। মানববন্ধনে নেতৃত্ব দেন আদিবাসী সাঁওতাল ফেলোশিপের সহ-সভাপতি যতীন মারান্ডী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন