
নিউজ ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাঙ্গালিরা তাদের অধিকার ফিরে পাওয়ার পাশাপাশি একটি স্বাধীন-সার্বভৌম দেশ পেয়েছে। আজ শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ অয়োজিত ‘ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু, জাতিসত্ত্বা ও জাতিরাষ্ট্র’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৬ সালের ৬ দফা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ডাক, সবকিছুতেই বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক।
বাঙ্গালির মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন- এ কথা উল্লেখ করে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধু ধর্মভিত্তিক একটি রাষ্ট্রকে বাঙ্গালি জাতি সত্ত্বায় রুপ দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দেন। ড. আরেফিন সিদ্দিক বলেন, ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে ‘আমাদের’ মহান স্বাধীনতা। আর এসব আন্দোলনের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজান উদ্দিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিতুল আলম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাংবাদিক নেতা আব্দুল জলিল।