News71.com
 Bangladesh
 17 Feb 17, 12:12 PM
 271           
 0
 17 Feb 17, 12:12 PM

কক্সবাজারের পেকুয়ায় গাড়ি চালককে কান ধরে সিজদা করানো এসআই প্রত্যাহার ।।

কক্সবাজারের পেকুয়ায় গাড়ি চালককে কান ধরে সিজদা করানো এসআই প্রত্যাহার ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারের পেকুয়ায় এক গাড়িচালককে মাঝরাস্তায় কান ধরে সিজদা করানো পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী চৌরাস্তায় এসআই তৌহিদুল ইসলাম , মীর কাশেম (৫৫) নামের এক চালককে রাস্তায় কান ধরে সিজদা করতে বাধ্য করেন। ঘটনা জানাজানি হওয়ার পর পুরো জেলায় সমালোচনার ঝড় শুরু হয়। পরে সন্ধ্যায় ওই এসআইকে প্রত্যাহার করা হয়। চালক কাশেম কক্সবাজার সদরের নাজিরারটেকের বাসিন্দা।

মীর কাশেম বলেন, কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলাম। পেকুয়া চৌমুহনী এলাকায় আমাকে থামান ওই এসআই। গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগল কেন জানতে চেয়ে আমাকে কান ধরে রাস্তায় সিজদার নির্দেশ দেন। আমি আপত্তি জানালে অস্ত্রের ভয় দেখান। বাধ্য হয়ে অসংখ্য মানুষের সামনে কান ধরে সিজদা করি। আমার ছেলের বয়সী এক পুলিশ অফিসারের কাছে এমন লাঞ্ছনায় আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে এসআই তৌহিদুল ইসলামের মোবাইল ফোনে সংযোগ না মেলায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, তৌহিদুল ইসলামকে পেকুয়া থানা থেকে কক্সবাজার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ আদেশ পেয়েছি।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, এটি মানবাধিকার লংঘন। চালক হিসেবে তিনি কোনো অপরাধ করে থাকলে তাকে আইনে সোপর্দ করতেন। তিনি কোনোমতেই জনসম্মুখে এভাবে লাঞ্ছিত করতে পারেন না। কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেন বলেন, তৌহিদুল ইসলামকে প্রত্যাহারের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন