
নিউজ ডেস্কঃ বৈধ পাসপোর্ট ও ভিসা থাকার পরও মায়ের লাশ নিয়ে বাংলাদেশে ফিরতে পারছেন না দিনাজপুরের বাসিন্দা টোকন সরকার। আইনি জটিলতার কারণে ভারতে মায়ের লাশ নিয়ে ৪ দিন ধরে আটকা পড়ে আছেন তিনি। হিলি সীমান্তে মায়ের লাশসহ টোকনকে আটকে দিয়েছে ভারতীয় শুল্ক বিভাগ। গত ১০ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য মা কণিকা রাণীকে নিয়ে ভারতে যান বাংলাদেশি যুবক টোকন সরকার। কিন্তু ভারতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মা কণিকা। ১২ই ফেব্রুয়ারি তাকে পশ্চিমবঙ্গের মালদা হাসপাতালে ভর্তি করা হয়। তখন জটিলতা এড়াতে কণিকা রাণীর ঠিকানা দেয়া হয় মালদার আত্মীয়ের বাড়ির। ১৩ই ফেব্রুয়ারি তিনি মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ঠিকানায় ডেথ সার্টিফিকেট দেয়। আর এতেই তৈরি হয় আইনি জটিলতা ।
বাংলাদেশে ফেরার সময় ভুল ঠিকানার লাশ হিলি সীমান্তে আটকে দেয়া হয়। ভারতীয় বিভিন্ন সরকারি দপ্তর ঘুরেও প্রাথমিকভাবে কোনো সমাধান বের করতে পারেননি টোকন সরকার। এরই মধ্যে লাশে পচন ধরে গেলেও স্থানীয় কোনো হাসপাতাল বা হিমাগারে লাশ রাখা সম্ভব হয়নি। সর্বশেষ গতকাল বুধবার টোকনের সহায়তায় এগিয়ে আসেন ভারতের দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসক সঞ্জয় বসু ।
তিনি কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ও মালদা জেলা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতাল থেকে সংশোধন করা হয়েছে ডেথ সার্টিফিকেট। তবে এখনো বাংলাদেশ হাইকমিশনের বিশেষ অনুমতি পাওয়া যায়নি। টোকন সরকার জানান, দুই জায়গা থেকে কাগজ সংগ্রহে আরও দুদিন লাগতে পারে। সে পর্যন্ত লাশের পচন ঠেকাতে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের মর্গে লাশ রাখার ব্যবস্থা করা হয়েছে ।