
নিউজ ডেস্কঃ এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বলছে, অস্ত্রের লাইসেন্স থাকায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
ওই যাত্রীর নাম মো. আজমাত রহমান। বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, আজমাত একটি বেসরকারি ব্যাংকের পরিচালক। একটি সভায় অংশ নিতে তিনি হংকং যাচ্ছিলেন। যাচাই-বাছাইয়ের জন্য অস্ত্র ও লাইসেন্স পুলিশ হেফাজতে রেখে তাঁকে তাঁর বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে আজমাতের হাতের ব্যাগ তল্লাশি করার সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের স্ক্যানিং মেশিন অপারেটর এ্যভসেক সদস্য কর্পোরাল মোতাহার হোসেন একটি পিস্তল চিহ্নিত করেন। পরে তাঁর ব্যাগ খুলে একটি পিস্তল ও ম্যাগাজিন ভর্তি আটটি গুলি পাওয়া যায়। এরপর এ্যভসেক সদস্যরা এয়ারলাইনস কর্তৃপক্ষের সহায়তায় আজমাতের ইমিগ্রেশন সিল বাতিল করে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আজম মিয়া বলেন, আজমাত তাঁর গার্মেন্টসের একটি মিটিংয়ে অংশ নিতে হংকং যাচ্ছিলেন। তিনি দাবি করেছেন, যে ব্যাগটি নিয়ে তিনি যাচ্ছিলেন, সেটি তিনি দেশেও ব্যবহার করেন। অস্ত্রও ওই ব্যাগেই থাকে। বেখেয়ালে তিনি অস্ত্রসহ ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন। নূরে আজম মিয়া বলেন, লাইসেন্স করা অস্ত্র সঙ্গে থাকলে বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হয়। কিন্তু আজমাতের তা–ও ছিল না।
গত ২৪ জানুয়ারি বিমানবন্দরের দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে একটি চাপাতি ও ২৫ জানুয়ারি নিচতলার ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখার পাশ থেকে একটি তলোয়ার উদ্ধার করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। এ বিষয়টি নিয়ে তখন কোনো মন্তব্য করতে রাজি হননি বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। এমনকি ঘটনাটি তাঁরা তখন থানাকেও অবহিত করেননি।
এর আগে গত ৬ নভেম্বর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের সামনে ছুরি নিয়ে এক যুবকের হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্য নিহত হন। আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও তিন সদস্য আহত হন। পরে নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আহত অবস্থায় আটক করেন। ওই হামলাকারীকে আটকাতে নিরাপত্তাকর্মীদের গুলিও ছুড়তে হয়েছিল। কী উদ্দেশ্যে ওই হামলা হয়েছিল বা হামলাকারীর পরিচয়ই বা কী—এসবের কিছুই প্রকাশ করা হয়নি।