
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশকে উৎকোচ দিতে এসে গ্রেফতার হয়েছেন মাহমুদুল হাসান রুবেল (২২) নামের এক আইনজীবীর সহকারী। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উৎকোচের ৪৫ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ। র্যাবের হাতে গ্রেফতার হওয়া শিশু অপহরণ মামলার আসামিকে রিমান্ডে বেশী জিজ্ঞাসাবাদ না করে আদালতে প্রেরণ করার জন্য সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকারকে উৎকোচ দিতে এসে গ্রেফতার হয় আইনজীবীর ওই সহকারী। জিজ্ঞাসাবাদে তিনি আইনজীবী জুবায়ের আলম জীবনের সহকারী হিসেবে কাজ করেন বলে জানান ।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিন সরকার জানায়, গত ৭ই ফেব্রুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি ভোর পর্যন্ত র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিনের নের্তৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা মো. জাকির হোসেন (৫৫), তার সহযোগী ও স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছা (৪০), মো. টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর ওরয়ে দেলু (২২), জেসমিন বেগম (৩৭) ও মো. আসলাম ওরফে আলামিনকে (২৮) গ্রেফতার করে। পরে তাদেরকে ২ দিনের রিমান্ড আনা হয় ।
আসামিদের মধ্যে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা জাকির হোসেন এবং তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছাকে রিমান্ডে বেশী জিজ্ঞাসাবাদ না করে দ্রুত আদালতে পাঠানোর জন্য ৪৫ হাজার টাকা উৎকোচ দিতে গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় থানায় আসে আইনজীবী জুবায়ের আলম জীবনের সহকারী মাহমুদুল হাসান রুবেল। এ সময় তিনি ৪৫ হাজার টাকা ভর্তি প্যাকেট দিয়ে তাদেরকে দ্রুত আদালতে প্রেরণের অনুরোধ জানালে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. নাসির উদ্দিন সরকার। গ্রেফতার হওয়া মাহমুদুল হাসান রুবেলের পিতার নাম মো. আবু হানিফ। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বেগমপুর এলাকায়। ফতুল্লার সস্তাপুর এলাকায় তিনি ভাড়া থাকে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ।