News71.com
 Bangladesh
 16 Feb 17, 06:14 PM
 226           
 0
 16 Feb 17, 06:14 PM

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা ।।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা ।।

 

নিউজ ডেস্কঃ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে আসেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। এ সময় সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি ।

গতকাল বুধবার বিকেলে সিইসি ও ৪ জন কমিশনার শপথ নেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথবাক্য পাঠ করান। ৪ কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ই ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ।

সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত নির্বাচন কমিশন নিজেদের ওপর অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। একই সঙ্গে তার নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, "তাঁরা কেন কীভাবে এসব মন্তব্য করেন এটা তাঁদের ব্যাপার। " এ ব্যাপারে প্রতিক্রিয়া বা মন্তব্য কোনোটাই তার নেই বলেও জানিয়েছেন তিনি ।

সিইসি বলেন, "আমরা এখনও চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি। " জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের স্বাগত জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবুর রহমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন