
নিউজ ডেস্কঃ অভিনয় শিল্পী সংঘের নব-নির্বাচিত নেতারা শপথ গ্রহণ করেছেন। সংগঠনটির আহ্বায়ক প্রবীণ নাট্যজন মামুনুর রশীদ নির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তারসঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এস এম মহসীন এবং সুরুজ মিয়া। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছ`টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত প্রত্যেকেই। ছিলেন সভাপতি অভিনেতা শহিদুল আলম সাচ্চু এবং সেক্রেটারি অভিনেতা আহসান হাবিব নাসিম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান উপস্থিত থাকলেও আনিসুর রহমান মিলন পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে থাকায় উপস্থিত ছিলেন না।
এছাড়াও শপথ গ্রহণ করেন- সহ-সভাপতি আজাদ আবুল কালাম, জাহিদ হাসান শোভন ও তানভীন সুইটি, সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি। আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সেলিম মাহবুব যৌথভাবে সনি রহমান ও মুকুল সিরাজ উপস্থিত ছিলেন। পাশাপাশি অর্থ সম্পাদক পদে অভিনেত্রী তানিয়া আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, নির্বাচনে জয় লাভ করেছি ভোট যুদ্ধের মাধ্যমে নয়, উৎসবের আমেজে। যারা পরাজিত হয়েছেন তারাও শিল্পী। তাদের নিয়েও আমরা কাজ করতে চাই। নব-নির্বাচিত শিল্পী সংঘের এই কমিটির মেয়াদ আগামী দুই বছর।