
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলা সমকালের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের ওপর হামলা হয়েছে। তাকে মারধর করে ক্যামেরা নিয়ে যায় হামলাকারীরা। গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় এ ঘটনা ঘটে।
গত ৪ জানুয়ারি ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের সময় সমকাল সাংবাদিক আসাদুজ্জামান আসাদ ছবি তোলেন। এসময় ছাত্রলীগের বিদ্রোহী কমিটির তুষার দেশিয় অস্ত্র নিয়ে শোডাউন দেয়।
এ দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় আসাদকে লক্ষ্য করে তুষার ইট পাটকেল নিক্ষেপ করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। আসাদ গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রবাল চৌধুরীর বাসায় গেলে বাসার সামনে তার ওপর হামলা চালায় তুষার ও তার সহযোগীরা। এসময় তাকে লাঠি দিয়ে মাথাসহ সমস্ত শরীরে আঘাত করা হয়। তাকে গলা টিপে হত্যার চেষ্টাও করে তারা। পরে তার ক্যামেরা নিয়ে যায় হামলাকারীরা।
আহত সাংবাদিক আসাদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, 'এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'