
নিউজ ডেস্কঃ ‘নিরাপদ-২’ প্রকল্প এলাকা নড়াইল পরিদর্শন করেছে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের বিশেষ ও সম্মানিত অতিথিগণ। ১০ সদস্যবিশিষ্ট এই বিশেষ দল প্রথমে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তারা প্রকল্পের কমিউনিটি সহায়ক দলের সদস্যদের সাথে মত বিনিময় করেন এবং তাদের উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন।
এই পরিদর্শনকালে তারা সফল কমিউনিটি সহায়ক দলের সদস্যদের (নারী, পুরুষ ও কিশোর-কিশোরীদের) সাথে মত বিনিময় করেন এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা বিস্তারিত জানতে চান। সেইসাথে নিরাপদ-২ প্রকল্প কিভাবে তাদের জীবনে এই বাস্তবমূখী পরিবর্তন আনতে সম্ভব হয়েছে তা প্রতিফলিত হয়েছে এই বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে।
বিশেষ প্রতিনিধি দল এরপর নড়াইল সিভিল সার্জন কার্যালয়ে জেলার মুখ্য সরকারি, বেসরকারি এবং স্থানীয় ব্যক্তিগণের সমন্বয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এই পরিদর্শনকালে নেদারল্যন্ডসের বিশেষ প্রতিনিধিগণ প্রকল্পের কমিউনিটির সদস্য, সরকারি, বেসরকারি প্রতিনিধিদের সমন্বয় ও স্থায়ীত্বশীলতা কিভাবে বজায় থাকবে তা যাচাই করেন। নিরাপদ-২’ প্রকল্পের নড়াইল জেলার এই পরিদর্শন আয়োজন করেছে সুশীলন এবং নিরাপদ প্রকল্পের কনসোর্টিয়াম সহযোগী হিসেবে নড়াইল এবং খুলনা জেলার নেতৃত্ব দিচ্ছে সুশীলন সংগঠন। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এই বিশেষ আয়োজনটির সমন্বয় করেছে মেরি স্টোপস বাংলাদেশ। সর্বোপরি নিরাপদ-২ প্রকল্পের ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং নিরাপদ প্রকল্পের সাফল্য শেয়ার করার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে গুরুত্ব আরোপ ও স্থায়ীত্বশীলতার কৌশল তুলে করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।