
নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রামের খাস জমি নিয়ে সহিংস ঘটনায় আটক ৬ ভূমিহীনের দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নিমগাছি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আতাউর রহমান টগর (৩৭), ও তার ছোট ভাই আপেল মাহমুদ লাভলু (২৪), হোসেন আলী আকন্দের ছেলে হান্নান আকন্দ (৫১), ময়েজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৬০), আলতাব আলী ছেলে আব্দুর রশিদ (৪৮) ও জামাল উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৬২)।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার নিমগাছী গ্রামের ভূমিহীন ২টি সংগঠনের মধ্যে ৬০ শতক জমি নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে। ভূমিহীনদের নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে সমঝোতার বৈঠক হয়েছে কিন্তু কোন সমাধান হয়নি। এ ঘটনা নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে সহিংস ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ২জন। আহতরা হলেন- লাল বাহাদুরের স্ত্রী জুলেখা খাতুন (৩০) ও হাফিজার রহমানের ছেলে লিটন মিয়া (৩০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা রয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভূমিহীন সংগঠনের দুই পক্ষই দাঙ্গাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপে সর্বক্ষণ লিপ্ত থাকেন। দুই পক্ষের দাঙ্গাবাজদের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তাৎক্ষণিকভাবে ছয় জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।