News71.com
 Bangladesh
 14 Feb 17, 01:45 PM
 224           
 0
 14 Feb 17, 01:45 PM

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়, আটক ৩ জন । ।       

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়, আটক ৩ জন । ।        

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ পাঁচ সদস্য ছররা গুলিতে আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাঙ্গাখালী মইন্যারঘোনা চিংড়িঘেরে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন (২৭), ওয়াজ উদ্দিন (৩০) ও ফুলজান মোরা গ্রামের নেজাম উদ্দিন (২৬)। মহেশখালী থানার পুলিশের ভাষ্য, ভোরে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাঙ্গাখালী মইন্যারঘোনা চিংড়িঘের দখল নিয়ে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া চলছিল। এ খবর পেয়ে স্থানীয় মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শাওন দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

পরে পুলিশ ধাওয়া করে দুটি লম্বা বন্দুক, তিনটি থ্রি কোয়ার্টার রাইফেল, তিনটি এলজি, দুটি লম্বা কিরিচ, ৩৫টি গুলিসহ তিনজনকে আটক করে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া ছররা গুলিতে বিদ্ধ হয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মাহমুদ, এসআই শাওন দাশ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মোহাম্মদ হান্নান ও মোহাম্মদ আলমগীর আহত হন। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন