News71.com
 Bangladesh
 14 Feb 17, 01:30 PM
 215           
 0
 14 Feb 17, 01:30 PM

মানসম্মত প্রতিবেদন না হওয়ায় আটকে গেল বৃত্তাকার রেলপথ ।।

মানসম্মত প্রতিবেদন না হওয়ায় আটকে গেল বৃত্তাকার রেলপথ ।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের উদ্যোগ সমীক্ষার ফাঁদেই আটকে আছে। প্রকল্পটি বাস্তবায়নে সমঝোতা স্মারকে সই করা চীনা প্রতিষ্ঠান সিসিইসি জরিপ ছাড়াই প্রি-ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট জমা দেওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃত্তাকার এই রেলপথ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি নির্মাণ হলে শহরের ভেতরে না ঢুকেই ঢাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এতে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সই করে চীনা প্রতিষ্ঠান সিসিইসি। কিন্তু প্রকল্প এলাকায় জরিপ ছাড়াই প্রি-ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট জমা দেয় প্রতিষ্ঠানটি। তাই একে গ্রহণযোগ্য নয় দাবি করে রেল কর্তৃপক্ষ। এরপর জিওবি অর্থায়নে বাস্তবায়নের জন্য আরেকটি প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এ জটিলতায় আটকে গেছে বৃত্তাকার রেলপথ নির্মাণ। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল হক আমাদের বলেন, সমীক্ষার জন্য আলাদা প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। এরপর এ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হবে। চীনা কোম্পানির স্টাডি রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এটি গ্রহণযোগ্য হয়নি। রিপোটর্টি মানসম্মত নয়। জানা গেছে, ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণে ২০১৫ সালের ২৮ জুন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। জিটুজি ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের কথা।

এরপর চীনা প্রতিষ্ঠান সিসিইসি প্রকল্পের ওপর একটি প্রি-ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট জমা দেয়। তবে প্রকল্প এলাকা সার্ভে না করেই প্রতিবেদনটি দাখিল করা হয়েছে মর্মে মতামত দেয় বাংলাদেশ রেলওয়ে। তারা মনে করেন, ঘরে বসে একটি ভুয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ২৯ কোটি টাকা ব্যয়ের ফিজিবিলিটি স্টাডি প্রপোজাল পাঠানো হয় পরিকল্পনা কমিশনে। বিনামূল্যে সমীক্ষা করার জন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ সইয়ের পর এ ধরনের প্রস্তাব পাঠানোর কারণ জানতে চায় পরিকল্পনা কমিশন। এর জবাবে বলা হয়, চীনা কোম্পানির প্রতিবেদনটি মানসম্মত না হওয়ায় তা গ্রহণযোগ্য হয়নি। যদিও এরপর প্রকল্পটির আর কোনো অগ্রগতি নেই। তা ছাড়া নিয়ম রয়েছে ৫০ কোটি টাকা ব্যয়ের অতিরিক্ত কোনো প্রকল্প সমীক্ষা ছাড়া বাস্তবায়ন করা যাবে না। আগে এর পরিমাণ ছিল ২৫ কোটি। ফলে এখন সরকারি অর্থায়নে সমীক্ষার অনুমোদনের জন্য অপেক্ষা করছে রেলপথ মন্ত্রণালয়। এর পরের ধাপ হচ্ছে পরিকল্পনা কমিশনের অনুমোদন।

এদিকে চীনা কোম্পানির বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। সেখানে বলা হয়, সমঝোতা স্মারকের পর চীনা প্রতিষ্ঠানটির অগ্রগতি সন্তোষজনক নয়। কিন্তু এমওইউ হচ্ছে ফিনানসিয়ালি এবং লিগ্যালি নন-বাইনডিং। তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে ওই এমওইউ বাতিল করা হয়েছে। রেল সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর চারদিকে বৃত্তাকার নদীপথ ও সড়কপথ চালুর পাশাপাশি বৃত্তাকার রেলপথ নির্মাণের জন্য জায়গা রাখতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে স্ব স্ব মন্ত্রণালয় ও সংস্থা পৃথক প্রকল্প হাতে নেয়।

ঢাকা মহানগরীর চারপাশে ৯১ কিমি আউটার সার্কুলার রুট নির্মাণের জন্য সরকারের মহাপরিকল্পনা আছে। এ রুটের দুটি অংশ। একটি ইস্টার্ন বাইপাস অপরটি হচ্ছে ঢাকা সার্কুলার রুট (বৃত্তাকার সড়কপথ)। বাইপাস নির্মাণ করবে পানিসম্পদ মন্ত্রণালয়। অবশিষ্ট ৬৩ কিলোমিটার বৃত্তাকার সড়কপথ নির্মাণ করবে সড়ক ও জনপথ (সওজ)। নৌপথ চালু করছে নৌপরিবহন মন্ত্রণালয়। বালু নদীর পাশ দিয়ে তেরমুখ থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বাঁধ নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃত্তাকার সড়কপথের অংশ হচ্ছে তেরমুখ-ধউর-বিরুলিয়া-গাবতলী-বাবুবাজার-সদরঘাট-ফতুল্লা-চাষাড়া-সাইনবোর্ড-ডেমরা। এর মধ্যে ২৪ কিলোমিটার রাস্তা নতুনভাবে তৈরি করতে হবে। তেরমুখ থেকে ডেমরা পর্যন্ত এই অংশে বর্তমানে কোনো সড়ক যোগাযোগ নেই। নেই ঢাকার চারপাশ ঘিরে রেলপথও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন