News71.com
 Bangladesh
 14 Feb 17, 10:52 AM
 267           
 0
 14 Feb 17, 10:52 AM

প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স বাস্তবায়নে প্রতিটি পুলিশ সদস্য অঙ্গীকারবদ্ধ ।। আইজিপি

প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স বাস্তবায়নে প্রতিটি পুলিশ সদস্য অঙ্গীকারবদ্ধ ।। আইজিপি

 

নিউজ ডেস্কঃ মাদক পাচারের রুট ও স্পট চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। সারাদেশের পুলিশের সব ইউনিটপ্রধানের কাছে পাঠানো এক পত্রে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ অন্যান্য করণীয় বিষয়ে এ নির্দেশনা দিয়েছেন। ওই পত্রে বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য যাতে মাদক ব্যবহার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদক ব্যবসা ও মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে অবৈধভাবে সম্পৃক্ত হতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি ও তদারকি করতে হবে। যে কোনো প্রকারে পুলিশ সদস্যদের মাদক ব্যবসায়ীদের সঙ্গে অবৈধ সম্পর্ক শতভাগ বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ীদের ওপর নজরদারির পাশাপাশি এর কুফলের ব্যাপারে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখতেও বলা হয়।

কোনো পুলিশ সদস্যের মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। পুলিশের কোনো ইউনিটপ্রধানের অধীন সদস্য মাদক-সংক্রান্ত অপরাধে সংশ্লিষ্ট হলে তা তার তদারকি কার্যক্রমের ব্যর্থতার পরিচায়ক বলে গণ্য হবে। গত ৩১ জানুয়ারি স্বাক্ষরিত আইজিপির পত্রে মাদক পাচারকারী, বিনিয়োগকারী, ব্যবসায়ী, মজুদদার, বহনকারীসহ গডফাদারদের তালিকা প্রস্তুত, নিয়মিত হালনাগাদ করে চলমান উদ্ধার ও গ্রেফতার অভিযান আরও বাড়ানোর কথা বলা হয়। এ ছাড়া মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, বিভিন্ন শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। তরুণ-যুবকদের মাদকের গ্রাস থেকে রক্ষার কথাও বলা হয়।

ওই পত্রে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর 'জিরো টলারেন্স' নীতির সফল বাস্তবায়নে প্রতিটি পুলিশ সদস্য অঙ্গীকারবদ্ধ। আন্তরিক চেষ্টা ও উদ্যোগের মাধ্যমে পুলিশকে মাদকের অবৈধ উৎপাদন ও সরবরাহ বন্ধ, মাদক পাচার ও চোরাচালান রোধ এবং অপব্যবহারে বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করে শতভাগ মাদক নির্মূল নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পেশাগত ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার সমন্বিত প্রয়োগের মাধ্যমে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।

পুলিশ মহাপরিদর্শকের পত্রে বলা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা, যা ক্রমশ বিস্তৃত হচ্ছে ব্যক্তি থেকে পরিবারে, পরিবার থেকে সমাজে ও সমাজ থেকে রাষ্ট্রে। ক্রমবর্ধমান মাদকদ্রব্যের চোরাচালান ও অপব্যবহারে জনস্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, পরিবেশ-প্রতিবেশ ও সামগ্রিকভাবে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে।

মাদকাসক্তির প্রধান শিকার তরুণ ও যুব সমাজ। তাদের একটি অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত তরুণরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ থেকে বিচ্যুত হয়, যা দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। মাদকাসক্তির এই অভিশাপ তরুণ প্রজন্মকে এক অনিবার্য বিপর্যয়ের দিকে ধাবিত করছে। পুলিশের একাধিক কর্মকর্তা  জানান, আইজিপির পত্রটি পাওয়ার পর তারা মাঠ পর্যায়ের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। নির্দেশনার আলোকে করণীয় সম্পর্কেও সবাইকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এর আগে বিভিন্ন সময় মাদক চক্রের সঙ্গে পুলিশ সদস্যদের জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠে। ২০১৫ সালের ২০ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় এলিয়ন প্রাইভেটকারসহ এসবির এএসআই মাহফুজুর রহমানকে সাত লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার আগের বছর দারুসসালাম থানার কনস্টেবল কামরুল হাসানকে ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ছাড়া ২০১৫ সালে কক্সবাজারে ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন