
নিউজ ডেস্কঃ হিমাগারে নিয়োজিত শ্রমিকদের ক্ষেত্রে শ্রম আইন ও বিধির দুটি বিধান অনুসারে বয়স্ক পুরুষের ৫০ কেজি এবং নারী শ্রমিকের ৩০ কেজি নির্ধারিত ওজনের বেশি ভারবহন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার এ রুল দেন।
রুলে ২০০৬ সালের শ্রম আইন ও ২০১৫ সালের শ্রম বিধিমালার দুটি বিধান অনুসারে প্রাপ্ত বয়স্ক পুরুষদের ৫০ কেজি এবং নারী শ্রমিকের ৩০ কেজির বেশি ওজন বহন (আলুর বস্তা) রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে শ্রম আইনের ৭৪ ও শ্রম বিধিমালার ৬৩ বিধি প্রয়োগের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান সচিব, প্রধান কারখানা পরিদর্শক, শ্রম বিভাগের পরিচালক, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনসহ সাত বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০০৬ সালের শ্রম আইনের ৭৪ ধারা অনুসারে, কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিককে, তাহার ক্ষতি হতে পারে এমন কোনো ভারী জিনিস উত্তোলন, বহন অথবা নাড়াচাড়া করিতে দেওয়া যাইবে না৷ আর বিধিমালার ৬৩ বিধিতেও অতিরিক্ত ওজন বিষয়ে বলা আছে। এর ভাষ্য, প্রাপ্ত বয়স্ক পুরুষ ৫০ কেজি ও নারী ৩০ কেজির অতিরিক্ত ওজন বহনের জন্য নিয়োগ দেওয়া যাবে না। এই দুটি বিধান প্রয়োগে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রাজশাহীর পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা ৯ ফেব্রুয়ারি রিটটি করেন। আদালতে রিটের পক্ষে পক্ষে শুনানি করেন আইনজীবী সুহান খান, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম।
আইনজীবী সুহান খান বলেন, ইতিপূর্বে ৯ জানুয়ারি শ্রমিক ইউনিয়নের করা আবেদনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আদালতকে অবহিত করতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে। ৬ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন বিষয়টি আসবে। তিনি বলেন, হিমাগারে নিয়োজিত শ্রমিকদের নির্ধারিত ওই ওজনের বাইরে ভারবহন করতে বাধ্য করা হয়। গত মার্চে রাজশাহীতে সাধ্যের অতিরিক্ত ভার বহনে এক শ্রমিক মারাও যান। কোল্ড স্টোরেজে ৫০ কেজির বেশি ওজনের আলুর বস্তা বহনে শ্রমিকদের বাধ্য করার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও তাদের শরীর-জীবনের নিরাপত্তা নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়, শ্রম পরিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে ৯ জানুয়ারি ওই ইউনিয়নের পক্ষ থেকে আবেদন করা হয়। প্রতিকার না পেয়ে রিটটি করা হয়।