News71.com
 Bangladesh
 14 Feb 17, 12:36 AM
 236           
 0
 14 Feb 17, 12:36 AM

আইনে এমন কোনো ধারা রাখা হবে না যা জনবান্ধব নয় ।। মন্ত্রী আনিসুল

আইনে এমন কোনো ধারা রাখা হবে না যা জনবান্ধব নয় ।। মন্ত্রী আনিসুল

নিউজ ডেস্কঃ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে এমন কোনো আইন হবে না,যা জনবান্ধব নয়। তাই বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ক্ষতি হোক এমন কোন আইন করা হবে না। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে এক বৃটিশ প্রতিনিধি দলের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নাগরিকত্ব আইনে এমন কোনো ধারা রাখা হবে না, যাতে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা (এনআরবি) 'রাষ্ট্রহীন' হয়ে পড়েন। এনআরবি'রা যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশে তাঁদের সব সম্পত্তির ওপর অধিকার থাকবে।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাসের পরেও এনআরবিরা বাংলাদেশে ফিরে এসে স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন। রাজনৈতিক সংগঠন করারও সুযোগ পাবেন তাঁরা। তবে তাঁরা জাতীয় সংসদের সদস্য পদ ও রাষ্ট্রপতি পদে নির্বাচন এবং সুপ্রিম কোর্টের বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো কাজে নিয়োগ লাভ করতে পারবেন না। বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় নাগরিকত্ব আইনের খসড়ায় এ বিষয়ে সংশোধন আনা হয়েছে।

বৃটিশ প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ডক্টর রুপা হক ও হোন ডেমি রুইস উন্টারটন, যুক্তরাজ্যে লেবার ফ্রেন্ড অব বাংলাদেশ নামক সংগঠনের নির্বাহী কমিটির চেয়ারম্যান হাউয়ার্ড ডাউবার, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার ও কাউন্সিলর আব্দুল হাই এবং যুক্তরাজ্যে ব্যবসায়িক নেতা শেখ অলিউর রহমান, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল খালিক ও ড. শাহ মো. রেজাউল করিম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন