
নিউজ ডেস্কঃ রাজধানীতে পৃথক ঘটনায় আনসার সদস্যসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- আনসার সদস্য আবদুল আজিজ (৩০), নির্মাণ শ্রমিক আমিন হোসেন (১৫) ও বৃদ্ধা রহিমা খাতুন (৭০)।
আজ সোমবার তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।আনসার সদস্যের সহকর্মী মহিউদ্দিন জানান, আজিজের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। তিনি গুলিস্তানে হানিফ ফ্লাইওভার ব্রিজের ‘ওরিয়ন’ আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন। আজিজ গতকাল রোববার রাতে ডিউটি শেষে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক মৃত হলে ঘোষণা করেন।
আমিনের সহকর্মী পারভেজ জানান, আমিনসহ তারা কয়েকজন মিরপুর টোলারবাগ ২ নম্বর গেটে একটি আটতলা ভবনের তিন তলায় জানালার গ্রিল লাগানোর কাজ করছিলেন। অসাবধানতাবশত সোমবার দুপুরে আমিন লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রহিমা খাতুনের মেয়ে শাহানা বেগম জানান, তারা বংশালে মানসী সিনেমা হল সংলগ্ন টেকেরহাট এলাকায় ৪/৪ নম্বর বাসার তৃতীয় তলায় থাকেন। আজ সকাল ৬টার দিকে তার মা রহিমা বাথরুমে যাওয়ার জন্য নিচে নামছিলেন। এ সময় তিনি মাথা ঘুরে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।