
নিউজ ডেস্কঃ সৌদি আরবের জেদ্দায় নিহত এক বাংলাদেশির পরিবার দুই কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে।
আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সম্মেলন কক্ষে ওই বাংলাদেশির পরিবারের সদস্যদের কাছে এই টাকা হস্তান্তর করেন মন্ত্রণালয়ের সচিব বেগম শামসুন নাহার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস।
২০০৯ সালের ১১ সেপ্টেম্বর সিলেটের নাগরিক বশির উদ্দিনকে গুলি করে হত্যা করে এক সৌদি নাগরিক। পরে সৌদি আরবের আদালত ওই নাগরিককে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেয়। ওই টাকাই বশিরের পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এ সময় বশিরের স্ত্রী হোসনে আরা বেগম ছেলে সাঈদ আহমদ ও আশরাফ আহমদ, কন্যা রুমানা আক্তার ও আরফিনা আক্তার রুমি উপস্থিত ছিলেন। বশির উদ্দিনের শ্যালক ফারুক আহমেদ অনুষ্ঠানে বলেন, ‘বশির উদ্দিন হত্যাকাণ্ডের পর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সৌদি আরবে মামলা করি। সেই মামলায় এই ক্ষতিপূরণ দেওয়া হলো। প্রবাসী কল্যাণ বোর্ডের কাছে আমরা ঋণী। বশির আর ফিরে আসবে না কিন্তু এই পরিবারটির আর্থিক অনটন দূর হলো।
একই অনুষ্ঠানে কাতারে নিহত নারায়ণগঞ্জের রকিবের বাবা রকমত আলীকে ৪৩ লাখ ৪২ হাজার ৬৯৮ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গাজী মোহাম্মদ জুলহাস বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে বিদেশ থেকে প্রবাসীদের লাশ আনা হয়। প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এর বাইরেও আমরা প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছি।