
নিউজ ডেস্কঃ জনহয়রানীর অভিযোগে গত এক বছরে প্রায় ৪০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ সোমবার একথা বলেন। 'অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে মহানগর পুলিশ কমিশনার বলেন, অপরাধ করে কোনো পুলিশ সদস্য পার পাবে না। তিনি বলেন, পুলিশভীতি দূর করে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য এবং ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। আমাদের ত্রুটি-বিচ্যুতি রয়েছে এটা আমরা মানি বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিবেট ফর ডেমোক্রেসি ও ডিএমপির যৌথ উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার বলেন, পুলিশের কেউ যদি কোন বেআইনী কাজ করেন অথবা জনহয়রানীমূলক কাজ করে তাহলে তদন্ত করা হয়। ডিএমপিতে ক্ষমতার অপব্যবহার, জনহয়রানির মাত্রা অনেক নিচে নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে মাদক একটি বড় সমস্যায় রূপ নিয়েছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ সমস্যা একা নিয়ন্ত্রণ করতে পারবে না। ইতোমধ্যে রাজধানীর মাদক ব্যবসায়ীদের তালিকা ও স্পট নির্ধারণ করে বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে এই সমস্যা সমাধানে পরিবার পর্যায়ের সচেতনতা দরকার। তিনি আরো বলেন, দুই কোটির বেশি জনগণকে নিরাপত্তা দিতে পুলিশকে নিয়মিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বজ্রপাত, শৈত্যপ্রবাহ, বৃষ্টি সবসময় রাস্তায় কেউ না থাকলেও পুলিশ থাকে। তবে পুলিশের বিরুদ্ধে নানা সময়ে আমাদের কাছে অভিযোগও আসে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ত্রুটি-বিচ্যুতি থাকলেও সাফল্য রয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের না, এটা বৈশ্বিক সমস্যা। জঙ্গি নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাদের নিশ্চিহ্ন করতে আরো অনেক সময় লাগবে। বিশ্বের অনেক দেশ বিলিয়ন ডলার খরচ করছে জঙ্গি দমনের জন্য। তারপরও তারা জঙ্গিবাদ প্রতিরোধ করতে পারছে না। কিন্তু আমরা জঙ্গি দমনে সক্ষম হয়েছি। জঙ্গিদের আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে, অস্ত্র ও বিষ্ফোরকসহ জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে, তাদের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। তবে জঙ্গিদের নিশ্চিহ্ন করতে আরো সময় লাগবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, জঙ্গীবাদ গণতন্ত্রের বিপক্ষে আর বিতর্ক গণতন্ত্রের পক্ষে। তিনি বিতার্কিকদের আরো বেশি বিতর্ক চর্চার মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলি তুলে আনার আহবান জানান। সমাজের বিভিন্ন অপরাধ মোকাবেলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় উপস্থিত ছিলেন।