
নিউজ ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ দিবসের প্রথম প্রহর ১২টা ০১ মিনিটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন ।
এরআগে আজ সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদক মন্ডলী এবং অঙ্গ সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে সভাপতিত্ব করেন ।
পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২১শে ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, ওইদিন সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ই ফেব্রুয়ারি বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন ।
এছাড়া সারাদেশে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবেন ।