
নিউজ ডেস্কঃ রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা মামলার পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। আজ সোমবার আদালত ফৌজদারি ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করেন। কাল মঙ্গলবার সাফাই সাক্ষ্য অনুষ্ঠিত হবে। রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এ মামলার বিচারকাজ চলছে।সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, আসামি পরীক্ষায় আদালত অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ পাঠ করে শোনান। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা পাঁচ আসামি তাঁদের নির্দোষ দাবি করেন।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত সাত আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়। এঁরা হলেন জেএমবির পীরগাছার আঞ্চলিক কমান্ডার পীরগাছা উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (২১), একই এলাকার জেএমবির সদস্য ইছাহাক আলী (২৫), বগুড়ার গাবতলি এলাকার জেএমবির সদস্য লিটন মিয়া ওরফে রফিক (২৩), পীরগাছার কালীগঞ্জ বাজারের জেএমবির সদস্য আবু সাঈদ (২৮) এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন (৩২)।
পলাতক এক আসামি হলেন কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪)। এই মামলার অন্য দুই আসামির মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) অভিযোগ গঠনের আগেই রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হন। আরেক অভিযুক্ত কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ এলাকার সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। ওই দিনই কাউনিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ২০১৬ সালের ৩ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। হত্যাকাণ্ডের ১৩ মাস ১২ দিন পর ১৫ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।