News71.com
 Bangladesh
 13 Feb 17, 06:29 PM
 215           
 0
 13 Feb 17, 06:29 PM

দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ শহীদুল আলমকে কারাদণ্ড দিয়েছেন আদালত         

দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সাংসদ শহীদুল আলমকে কারাদণ্ড দিয়েছেন আদালত           

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পটুয়াখালীর বাউফলে বিএনপির সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদারকে নয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া আদালত জ্ঞাত আয়বহির্ভূত ২৩ লাখ ১৮ হাজার ১১৫ টাকা ১৯ পয়সার সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

আজ  পটুয়াখালীর বিশেষ জেলা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন। সাবেক সাংসদের উপস্থিতিতে আদালত এই রায় দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. লুৎফর রহমান ২০১০ সালের ২৫ এপ্রিল সদর থানায় শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, প্রধান কার্যালয় থেকে অনুমতি পেয়ে ২০০৯ সালের ১৩ জানুয়ারি দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়। তিনি ২১ জানুয়ারি তাঁর সম্পদ বিবরণী দাখিল করেন।

দাখিল করা সম্পদ বিবরণীতে শহিদুল আলম তালুকদার নিজের, স্ত্রী সালমা আলমের ও ছেলে রাইয়ান আকাশের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায়দেনার বিবরণ দাখিল করেন। দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করে ২১ লাখ ৬০ হাজার ৬১৫ টাকা ১৯ পয়সা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করা হয়েছে বলে প্রতীয়মান হয়। এ ছাড়া তিনি ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে সম্পদ বিবরণী ও আয়কর বিভাগে গোপন করেছেন মর্মে প্রমাণ মেলে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা হয়।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. লুৎফর রহমান মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নেছার উদ্দিন বলেন, শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে একটি ধারায় দুই বছর এবং আরেকটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই দণ্ড একসঙ্গে কার্যকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন